
দিনাজপুর প্রতিনিধি : সারাদেশের খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে সোমবার দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দিনাজপুরে দিনব্যাপী সফর উপলক্ষে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন থাকবে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ৩ হাজারেরও বেশী সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন।
গত শনিবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের তিনটি স্থানে কর্মসূচী রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এই তিনটি স্থানের মধ্যে প্রথমে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া গ্রামে খালখনন কর্মসূচীর উদ্বোধন করবেন তিনি। এরপর দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে নানা, নানী, বড়খালা এবং অন্যান্য স্বজনদের কবর জিয়ারত করবেন। বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে যোগ দেবেন।
অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, প্রধামন্ত্রীর দিনাজপুর সফর উপলক্ষে ইতিমধ্যেই এসেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এস.এস.এফ)। তাদের সাথে আমরা বেশ কয়েকটি সমন্বয়সভা করেছি। তাদের রিকোয়ারম্যান্ট অনুযায়ী আমরা সব ধরনের প্রস্তুতি নেয়ার জন্য কাজ করে যাচ্ছি। তিনি বলেন, দিনাজপুরে প্রধানমন্ত্রীর তিনটি স্থানে কর্মসূচী উপলক্ষে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এস.এস.এফ)-এর তত্বাবধানে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তামুলক ব্যবস্থা। এস.এস.এফ সদস্য ছাড়াও প্রতিটি স্থানে সেনাবাহিনী, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, পুলিশসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ৩ হাজারেও বেশী সদস্য মোতায়েন থাকবে।
এছাড়াও সাদাপোশাকে বিভিন্ন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য, এন.এস.আই এবং ডিজিএফআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন থাকবে। তিনি বলেন, এস.এস.এফ-এর সাথে সমন্বয় করেই সকল ধরনের নিরাপত্তামুলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এছাড়াও যেসব রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী চলাচল করবেন সেসব রাস্তায় ব্যাপক ট্রাফিক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এজন্য ট্রাফিক পুলিশের অতিরিক্ত জনবল মোতায়েন থাকবে। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীর জন্য আইনশৃংখলার বাহিনীর প্রতিটি উইং কাজ করছে।
দেশের বিভিন্ন স্থান থেকে সেনাবাহিনী, আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্যদের দিনাজপুর আসতে দেখা গেছে।
এদিকে দিনাজপুরে এক প্রস্তুতিমুলক সভায় সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন জানান, দিনাজপুর থেকে সারাদেশের খালখনন কর্মসূচী উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ শনিবার সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে আসবেন। এরপর সড়কপথে তিনি দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তজীউ মন্দির হয়ে বলরামপুর সাহাপাড়া গ্রামে গিয়ে খালখনন কর্মসূচীর উদ্বোধন করবেন।
খালখনন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি যাবেন দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে নানা, নানী, বড় খালা এবং অন্যান্য স্বজনদের কবর জিয়ারত করতে। এরপর বিকেলে দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে সুধী সমাবেশ এবং ইফতার মাহফিলে অংশগ্রহন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইফতার মাহফিল শেষে প্রধানমন্ত্রী সড়কপথে সৈয়দপুর বিমানবন্দরে যাবেন এবং বিমানযোগে ঢাকায় ফিরবেন।