
দিনাজপুর প্রতিনিধি: দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) ঈদের নামাজ আদায় করেছেন দিনাজপুরসহ কিশোরগঞ্জ, বাগেরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ঢাকা ও গাজীপুর থেকে আসা মুসল্লি।
এর আগে সকাল ৬টা থেকে মুসল্লিরা সমবেত হতে শুরু করেন ঈদগাহে। ঠিক ৯টায় শুরু হয় নামাজ। এখানে ইমামতি করেন জাতীয় ইমাম সমিতি দিনাজপুরের সভাপতি মাওলানা মতিউর রহমান কাসেমী।
বৃহৎ এ জামাত শুরুর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর-সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, দিনাজপুর পুলিশ সুপার মো. জেদান আল মুসা। দিনাজপুর-সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাকে আপনারা নির্বাচিত করেছেন এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। এবার মাঠে কিছুটা ত্রুটি রয়েছে। আগামীতে আরও সুন্দর পরিবেশে ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হবে।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার মুসল্লিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘রমজানে আমরা যে তাকওয়া অর্জন করেছি, তা হৃদয়ে ধারণ করতে হবে।
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা থেকে আসা মুসল্লি স্বাস্থ্য সহকারী আব্দুল ওহাব (৫৫) বলেন, ‘আমরা প্রতিবার শোলাকিয়ায় ঈদের নামাজ আদায় করি। শুনেছি দিনাজপুরে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মিনার ও ময়দানে লাখো মানুষ নামাজ আদায় করে। আজ আমি এখানে নামাজ আদায় করলাম। এত বড় জামাতে নামাজ আদায় করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।’
নীলফামারী জেলা থেকে আসা রংপুরের একটি হিমাগারের ম্যানেজার আব্দুস সাত্তার (৬৩) জানান, তিনি এবার নিয়ে ৭ বার এ মাঠে নামাজ আদায় করলেন। তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। অন্যবারের চেয়ে এবারের ব্যবস্থাপনা ভালো ছিল। এত বড় মাঠে এত মুসল্লির সঙ্গে নিয়ে নামাজ আদায় করার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যান কামনা করে দোয়া করা হয়।