
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে এমপিএসটি উচ্চ বিদ্যালয়ে অফিস কক্ষ থেকে পাঁচ ঘন্টা পর অবরুদ্ধ সভাপতি লুৎফর রহমানকে (৩২) যৌথবাহিনীর সহযোগীতায় উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতিলতা বর্মন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) যৌথ বাহিনীর সহযোগীতায় তাকে উদ্ধারের পর পুলিশের হাতে তুলে দেন। ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি লুৎফর রহমানের বিরুদ্ধে বিদ্যালয়ের একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। এ কারণে বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবকগন বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সভাপতিকে কৌশলে ডেকে এনে অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুলতানি পারভীন শাহজাহান তালুকদার (এমপিএসটি) উচ্চ বিদ্যালয়ের সভাপতি, শিক্ষক ও শিক্ষার্থীরা ২৯ জানুয়ারি বাসযোগে নাটোরের গ্রীণভ্যালী পার্কে বার্ষিক বনভোজনে যান। ওই দিন রাতে সেখান থেকে ফেরার সময় পথিমধ্যে বাসের ভেতর গান বজনার তালে সভাপতি লুৎফর রহমান কমপক্ষে ১৫ জন ছাত্রীকে যৌন হয়রানি করে।
এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত সভাপতির শাস্তির দাবিতে শিক্ষার্থী ও অভিবাবকরা বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিদ্যালয় এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করতে থাকেন। এক পর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দ বিচারের আশ্বাস দিয়ে সভাপতিকে বিদ্যালয়ে ডেকে আনেন। কিন্তু সভাপতি লুৎফর রহমান বিদ্যালয়ে পৌছামাত্র বিক্ষোভকারীদের ধাওয়া দিলে প্রাণ বাঁচাতে অফিস কক্ষে ঢুকে পড়েন। এসময় বিক্ষোভকারীরা বিভিন্ন শ্লোগান দিয়ে অফিস কক্ষের দিকে ইট, পাটকেল নিক্ষেপ করতে থাকেন। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে যৌথবাহিনী ঘটনাস্থলে পৌছে বিক্ষোভকারীদের বিচারের আশ্বাস দিয়ে অবরুদ্ধ সভাপতিকে উদ্ধার করে। সন্ধ্যা সাড়ে ৬ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতিলতা বর্মন বলেন, অভিযুক্ত সভাপতি লুৎফর রহমানকে উদ্ধারের পর থানা হেফাজতে দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর তাকে জেলা কারাগারে পাঠানো হবে।