
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় ছাতিয়ানী রোকেয়া ওবেদুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বিজ্ঞান) জাহাঙ্গীর আলমকে চাকরি থেকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। স্ত্রীকে হত্যাচেষ্টার মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) তাকে চাকরি থেকে বরখাস্ত করেন।
রোববার বিকেলে ছাতিয়ানী রোকেয়া ওবেদুল হক উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী এ তথ্য নিশ্চিত করে বলেন, চাকরি বিধি মোতাবেক তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
মামলা ও বিদ্যালয় সূত্রে জানা যায়, উপজেলার পাচথুপি গ্রামের সিরাজুল হকের মেয়ে মিনা খাতুনের ২০০৬ সালে একই এলাকার কাশিয়াহাটা গ্রামের হযরত আলীর ছেলে জাহাঙ্গীর আলমের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে এক কন্যা সন্তানের জন্ম হয়। এ অবস্থায় ২০২০ সালের ২৫ আগস্ট স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে জাহাঙ্গীর আলম তার স্ত্রী মিনা খাতুনকে শ্বাসরোধে হত্যাচেষ্টা করেন। এ ঘটনায় ২০২০ সালের ১ সেপ্টেম্বর মিনা খাতুন বাদি হয়ে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বগুড়া আদালতে মামলা দায়ের করেন। এ অবস্থায় ২০২২ সালের ৭ নভেম্বর জাহাঙ্গীর আলম তার স্ত্রী মিনা খাতুনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন।
এদিকে স্ত্রীর দায়েরকৃত মামলায় আদালত ২০২৫ সালের ৮ অক্টোবর জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ৩ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। এসময় জাহাঙ্গীর আলম আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়। থানা পুলিশ ২০২৫ সালের ৮ নভেম্বর জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে বগুড়া জেলা কারাগারে পাঠায়। কিন্ত সাজাপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয় কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহন করেনি।
এরপর ২০২৫ সালের ২৫ নভেম্বর জাহাঙ্গীর আলম উচ্চ আদালত থেকে এক বছর মেয়াদে জামিনে মুক্ত হয়ে বিদ্যালয়ে দায়িত্ব পালন এবং কারাগারে থাকা অবস্থায় বেতন-ভাতা উত্তোলন করেন। এ ঘটনায় মিনা খাতুন ২০২৫ সালের ২০ নভেম্বর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেও কোন ফল পাননি। ফলে মিনা খাতুন ফের ২০২৬ সালের ১ ফেব্রæয়ারী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে একই অভিযোগ করেও কোন কাজ হয়নি। এ কারণে ৬ এপ্রিল বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন মিনা খাতুন। এই অভিযোগের প্রেক্ষিতে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহন করেছে।
এ বিষয়ে উপজেলার ছাতিয়ানী রোকেয়া ওবেদুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম বলেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে আলোচনা সাপেক্ষে ৯ এপ্রিল জাহাঙ্গীর আলমকে চাকরি থেকে সাময়িকভাবে বরখান্ত করা হয়েছে।