
গোপালগঞ্জ প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শহরের বড়বাজার সহ বিভিন্ন দোকানপাট মনিটরিং কার্যক্রমে অংশগ্রহণ করেন গোপালগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ কে এম বাবর।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে জেলা টাস্কফোর্সের নেতৃত্ব দিয়ে এ সময় তিনি বড় বাজারের বিভিন্ন দোকানপাট সরেজমিনে পরিদর্শন করেন এবং দোকান মালিকদেরকে কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফা না করার আহ্বান জানান। বাজার মনিটরিং কার্যক্রমে সরাসরি এমপি’র উপস্থিতি যা রীতিমতো গোপালগঞ্জের রাজনৈতিক প্রেক্ষাপটে অবাক করার মতো বিষয়। এমপির উপস্থিতি ক্রেতা সাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। কেননা গোপালগঞ্জে এবারই প্রথম নির্বাচিত কোন সংসদ সদস্য সরাসরি বাজার মনিটরিং কার্যক্রমে অংশ নিলেন। সাধারণ ক্রেতারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সহনীয় পর্যায়ে রাখতে জেলা প্রশাসনের নিকট নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখার জোর দাবি জানান। বাজার তদারকি কার্যক্রমে একটি দোকানে ক্রয় ভাউচার দেখাতে না পারায় কৃষি বিপণন আইনে উক্ত দোকান মালিককে নগদ এক হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।
এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক মাহমুদ, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমান, গোপালগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নী খানম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা আরিফ হোসেন, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, গোপালগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ভবিষ্যতেও জেলা সর্বত্র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।