
আগামী ৬ থেকে ৯ নভেম্বর ব্রাসেলস এবং প্যারিসে অনুষ্ঠিতব্য প্রেসেঞ্জা’র আন্তর্জাতিক সভায় যোগ দিতে ঢাকা ব্যুরোর ৩ সদস্যের একটি প্রতিনিধি দল ৫ নভেম্বর ভোরে ব্রাসেলসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। আগামী ৬ ও ৭ নভেম্বর ব্রাসেলসে এবং ৮ ও ৯ নভেম্বর প্যারিসে এই আন্তর্জাতিক সভা অনুষ্ঠিত হবে। প্রতি বছর আন্তর্জাতিক প্রেস এজেন্সি- প্রেসেঞ্জা, বিশ্বের ৫টি মহাদেশের সম্পাদকীয় দলগুলোর সাথে গভীর শ্রদ্ধাশীল দৃষ্টিকোণ থেকে তৃণমূল স্তরের রিপোর্টিং-এর জন্য তাদের সাংবাদিকতার (এবং অনুবাদ) দক্ষতা অর্জন এবং পেশাগত উৎকর্ষতায় কাজ করে থাকে।
এবার ব্রাসেলস এবং প্যারিসে প্রেসেঞ্জা’র সম্পাদকীয় দল ইউরোপে বিবেকপ্রসূত আপত্তির (conscientious objection) পরিস্থিতি এবং বিশেষ করে আরব বিশ্বে সংঘাতময় পরিস্থিতিতে অহিংস সাংবাদিকতা নিয়ে আলোচনা করার জন্য বিভিন্ন সংস্থা এবং মিডিয়ার সাথে বৈঠকের আয়োজন করেছে। আন্তর্জাতিক সভায় এশীয় দৃষ্টিকোণ (Asian focus) আলোচনার কেন্দ্রে অবস্থান করায় বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহন বিশেষ তাৎপর্য বহন করছে।
ঢাকা থেকে ব্রাসেলসগামী ৩ সদস্যের প্রতিনিধি দলে আছেন- ঢাকা ব্যুরোর নির্বাহী সম্পাদক (অনারারী) এবং দৈনিক ইনকিলাব এর সিনিয়র রিপোর্টার মাইনুল হাসান সোহেল, প্রশাসনিক প্রধান মোহাম্মদ কাওসার আহমেদ এবং প্রদায়ক মোঃ মিজানুর রহমান তালুকদার পাশা।