
পটুয়াখালী প্রতিনিধি : বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ পটুয়াখালী সদর উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের পটুয়াখালী সদর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দেবব্রত গাঙ্গুলী, সহ-সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ বশির উদ্দিন মৃধা, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ পারভেজ, যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস, মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ শিরিন এবং সদস্য মিস ফেরদৌসি বেগম।
এসময় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের নির্বাচনী ইশতিহারে প্রতিশ্রুতি দিয়েছিল যে, নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে প্রথম ১৮ মাসে ১ কোটি বেকার নারী-পুরুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। বক্তারা বলেন, দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করে অসহায় পরিবারের পাশে দাঁড়ানো জরুরি এবং এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে একটি স্মারকলিপি প্রদান করেন।