
বান্দরবান জেলা প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষে দরিদ্র , অসহায় পরিবার ও এতিমখানার এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে বান্দরবান সেনা জোন ।
আজ বৃহস্পতিবার (২৬শে ফেব্রুয়ারি) সকালে জেলা সদর সেনা জোন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন সেনা জোনের উপ-অধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী রোমান।
প্রধান অতিথি জোন উপ-অধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী রোমান বলেন, পবিত্র রমজান মাসে গরীব, অসহায় ও খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকায় নিরাপত্তা প্রদানের পাশাপাশি স্থানীয় মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সেনা জোনের উদ্যোগে,সদর জোনের আওতাধীন বিভিন্ন এলাকার ৫শ পরিবার, মাদ্রাসা-এতিমখানার দায়িত্বপ্রাপ্তদের মাঝে চাল, ডাল, মুড়ি, ছোলা, তেল, খেজুরসহ বিভিন্ন ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় সদর জোনের স্টাফ অফিসার মেজর রবিউল ইসলাম, বিভিন্ন এলাকা হতে আশা সুবিধাভোগী জনসাধারণ, মসজিদ ও এতিমখানার দায়িত্বপ্রাপ্ত ইমাম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।