
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে জমি জমার বিরোধের জেরে জাকির শেখ নামের এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এর জেরে অভিযুক্তদের বসতবাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে ছাত্রজনতা। ওই এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন আছে। আজ মঙ্গলবার দুপুরে রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, আমগ্রাম ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের রাসেল মিয়া ও আব্দুল মজিদ খাঁ,র সাথে বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো, উভয়ের বিরোধ নিষ্পত্তির জন্য জাকির শেখ সহ স্থানীয়রা সালিশ মীমাংসায় বসেন। সালিশির একপর্যায়ে মজিদ খাঁ,র ছেলেরা রাম দা, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গণ্য মান্য সালিশদায়ীদের উপরে হামলা করে। এ সময় মজিদ খার ছেলেরা রাম দা ও চাইনিজ কুড়াল দিয়ে জাকির শেখকে কুপিয়ে রক্তাক্ত করে ফেলে রেখে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাকির রাজৈর বাসস্ট্যান্ডের ফল ব্যবসায়ী ও মজুমদারকাদি এলাকার নুরুজ্জামান শেখ এর ছেলে। এ ঘটনার পর থেকে মজিদ খাঁর পরিবারের সকলে পালিয়ে যায়। জাকির শেখ নিহত হয়েছেন এ সংবাদ চারদিক ছড়িয়ে পড়লে ছাত্রজনতা অভিযুক্তদের দুটি একতলা বাড়ি ও চারটি টিনের ঘর জ্বালায়ে দেয়।
রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ আমিনুল ইসলাম জানান, আমরা সংবাদ পেয়েই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং ঘটনা স্থানে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন আছে। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠাই।