
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে শিক্ষকদের অবরুদ্ধ করেছে এসএসসি প্রস্তুতি পরীক্ষায় অকৃতকার্য অর্ধশতাধিক শিক্ষার্থী।
রবিবার ( ১ মার্চ) দুপুরে মিরসরাই কলেজে এই ঘটনা ঘটে। ফটকে তালা দেয়ার পর মিরসরাই কলেজ মসজিদের কয়েকশত মুসল্লি ও কলেজ শিক্ষকরা কলেজ ক্যাম্পাসে অবরুদ্ধ হয়ে পড়ে। পরবর্তীতে গনমাধ্যমকর্মী ও পুলিশি সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সরেজমিনে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলতে গেলে কলেজের ব্যবসায় শাখার ছাত্র জাহেদুল ইসলাম রোল ৭২৭, নুরুল আলম রোল ৮৬৭ ও শাহরিয়ার আকিব রোল ৮০৫এই প্রতিনিধি কে জানায়, শিক্ষকরা স্বজন প্রীতির মাধ্যমে ৫ থেকে ৬ বিষয় ফেল করা শিক্ষার্থীদের কেও পরীক্ষার ফরম পূরণ করতে সুযোগ করে দিচ্ছেন। কিন্তু আমরা যারা ২ থেকে ৪ বিষয়ে অকৃতকার্য হয়েছি তাদেরকে ফরম পূরণ করতে দিচ্ছে না।
এছাড়া মানবিক বিভাগের শিক্ষার্থী সাদিয়া ইয়াসমিন রোল ৪০৭, জান্নাতুল ফেরদৌস রোল ৫৩৭, নাদিয়া বিনতে ইমা রোল ৯১ ও শাহিন সুলতানা ৫৮ জানায়, শিক্ষকরা গত ২৬ তারিখে ফলাফল ঘোষণা করেছেন। যারা কৃতকার্য ও অকৃতকার্য হয়েছে তাদের তালিকা প্রকাশ করেছে কিন্তু আমরা যারা অকৃতকার্য হয়েছি তারা কোন বিষয় কত নাম্বার পেয়েছি তার মার্কশিট প্রকাশ করে নাই। আমাদের সন্দেহ শিক্ষকরা ইচ্ছাকৃতভাবে নাম্বার কমিয়ে দিয়ে আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে দিচ্ছে না।
মিরসরাই কলেজের অধ্যক্ষ রেজাউল করিম জানান, আসন্ন এইসএসসি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে আমাদের কলেজ থেকে ৩৬৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে । তার মধ্যে ১০৮ জন মেধা তালিকায় কৃতকার্য হয়। অনিয়মিত ৪ শিক্ষার্থী অকৃতকার্য হলেও তাদেরকে বিনা বাধায় পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হয়। এছাড়া ১৮৬ জন অকৃতকার্য শিক্ষার্থীর মধ্যে যারা ইংরেজিতে নূন্যতম ১৫ পেয়েছে এমন আরো ৭১ জনকে ফরম পূরণ করার সুযোগ দেয়া হয়েছে তারা বিভিন্ন বিষয়ে ফেল করলেও তাদেরকে বিশেষ বিবেচনায় সেই সুযোগ দেয়া হয়েছে।
এখন যারা আন্দোলন করছে এদের বেশির ভাগ ইংরেজি এবং আইসিটিতে খুবই খারাপ করেছে। কেউ ইংরেজিতে শূন্য পেয়ে আবার কেউ আইসিটিতে শূন্য। এমন ছাত্রদের আমরা জেনে শুনে ফরম পূরণ করতে দিতে পারি না। এসব ছাত্ররা ঠিকমতো কলেজে আসেনা তাদের উপস্থিতি ও নেই। তাদের আচরণও ছাত্র সূলভ নয়। তাদের কোন আপত্তি কিংবা অভিযোগ থাকলে তারা অফিসে এসে ব্যক্তিগত ভাবে আমাদের সাথে কথা বলতে পারতো।
তাদেরকে রেজাল্ট শীট দেখাতে আমরা বাধ্য এটা আমাদের দায়িত্ব। কিন্তু তারা শিক্ষকদের সাথে গুন্ডামি করছে, কলেজের ফটকে তালা দিয়ে শিক্ষক ও মুসল্লিদের জিম্মি করে অছাত্র সুলভ আচরণ করেছে। আমরা তাদের শিক্ষার্থী হিসেবে গন্য করি না। শিক্ষার সুস্থ পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রয়োজনে আইনের সহযোগিতা নিবো।