
সরিষাবাড়ী প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে প্রতিদ্বন্দ্বী ছয় প্রার্থী নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ে সম্মিলিতভাবে একটি শান্তিপূর্ণ ও সুন্দর সরিষাবাড়ী গঠনের শপথ নিয়েছেন।
এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা হাত ধরে শপথ পাঠ করছেন। শপথ পাঠ করান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম।
এ সময় তার সঙ্গে শপথে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল আওয়াল (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আলী আকবর (হাতপাখা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির মো. মাহবুব জামান জুয়েল (কাস্তে), গণ-অধিকার পরিষদের ইকবাল হোসেন (ট্রাক) এবং নাগরিক ঐক্যের মো. কবির হাসান কেতলি)।
শপথ বাক্যে প্রার্থীরা বলেন, তারা ভোটারদের উপস্থিতি ও রায় মেনে নিয়ে ভবিষ্যতে এক পরিবারের সদস্যের মতো একযোগে কাজ করবেন। সরিষাবাড়ী থেকে মাদক ও দুর্নীতি দূর করে এলাকাটিকে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।