
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গণমাধ্যম কর্মীদেরকে সাজানো, বানোয়াট ও মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন ইউসুফ কাজী। ভুক্তভোগী ইউসুফ কাজী মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামের আমীর আলীর ছেলে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে ইউসুফ কাজী লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে একই গ্রামের মৃত তহিজ উদ্দিনের ছেলে আয়নাল, মৃত আব্দুছ ছবুরের ছেলে জয়নাল আবেদীন, সমেজ উদ্দিনের ছেলে তারা মিয়া এবং জয়নাল আবেদীনের ছেলে মনিরদের সহযোগীতায় একটি প্রভাবশালী মহল আমার জমি জবরদখলের চেষ্টা করছে।
প্রায় ২০ দিন পূর্বে ওই চক্রটি আমার ভাই আব্দুল জলিলের বসতবাড়ির পূর্ব পাশের জমির একটি অংশ জোরপূর্বক দখল করে নেয়। পরে ওই জমিতে জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণ করে। তাদের অবৈধ কাজের প্রতিবাদ করলে আমাকে ও আমার পরিবারের সদস্যদেরকে সাজানো ও মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি এবং হাজতে পাঠানোর হুমকি দেয়।
ওই চক্রটি আমাকেসহ আমার ভাতিজা নাজমুল ইসলামকে জড়িয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে প্রকৃত ঘটনা আড়াল করে সাজানো, বানোয়াট, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংবাদ প্রচার করে। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকাশিত সংবাদের সঙ্গে বাস্তব ঘটনার কোনো মিল নেই। মিথ্যা তথ্য দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদও জানান তিনি।
ওই চক্রটি আমাদেরকে সামাজিকভাবে মানহানি করার জন্য পরিকল্পিতভাবে গণমাধ্যম কর্মীদের মিথ্যা তথ্য দিয়ে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। তাদের এসব কর্মকান্ডে ব্যক্তিগত ও সামাজিকভাবে মানহানি হয়েছে এবং তিনিসহ তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। ভুক্তভোগী ইউসুফ কাজী জমিতে কাজ করতে গেলে ওই চক্রের সদস্যরা হামলা করতে পারেন এমন আশঙ্কা করছেন তিনি। পুলিশ প্রশাসনসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের সহযোগীতায় সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের আবেদন জানান।
অভিযুক্ত আয়নাল এবং জয়নাল আবেদীনকে এসব বিষয়ে মুঠোফোনে বক্তব্য চাইলে তারা সাংবাদিকেদরকে তার সাথে দেখা করে বক্তব্য নেয়ার কথা বলে মুঠোফেনের লাইন কেটে দেন।