
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে মো. বেলাল হোসেন (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহত বেলাল সরিষাবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ডের বাউসী মধ্যপাড়া গ্রামের বাসিন্দা এবং সোরাব আলী শেখের ছেলে। তিনি ঢাকায় ওয়াসায় অস্থায়ী পিয়ন পদে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্র জানায় , চাকরির প্রলোভনে বিভিন্নজনের কাছ থেকে প্রায় চার লাখ টাকা গ্রহণ করে বেলাল। সম্প্রতি পাওনাদারদের চাপ বৃদ্ধি পেলে পারিবারিক অশান্তির সৃষ্টি হয়।
ঘটনার রাতে স্ত্রী’র সঙ্গে বাকবিতণ্ডার পর তিনি বিষ বা ঘুমের ওষুধ সেবন করেন বলে ধারণা করা হচ্ছে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুইটি ছোট যমজ কন্যা সন্তানকে রেখে তার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, এটি আত্মহত্যার ঘটনা।