
সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে বিভিন্ন নথি তৈরি করে ভূমি অফিসের প্রতারণাকালে আশরাফ উদ্দিন (৫৩) নামে এক ব্যক্তিকে কারাগারে প্রেরণ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় নিয়মিত মামলা করে প্রতারক চক্রের বাকি সদস্যদের শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাল আল আমিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃত আশরাফ উদ্দিন সাভারের ভাকুর্তা ইউনিয়নের খাগুড়িয়া কান্দাপাড়া গ্রামের আফসার উদ্দিনের ছেলে।
উপজেলা প্রশাসন জানায়, মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে একটি চক্র সাভার উপজেলা ভূমি অফিসে মিসকেস মামলা দায়ের করেন। এসময় মৃত ব্যক্তির স্বাক্ষর জাল করে মামলা দায়ের করেন। এছাড়া একাধিক মামলায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে একটি চক্র মানুষের সঙ্গে প্রতারণা করেছে । পরে সাভার সহকারী কমিশনার (ভূমি ) আবদুল্লাল আল আমিন ওই ব্যক্তিকে আদালতে অসহযোগীতা করা এবং মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে নথি উপস্থাপনের দায়ে ১০ দিনের বিনাশ্রম কারদণ্ড দেন।
এবিষয়ে সাভার সহকারী কমিশনার (ভূমি ) আবদুল্লাল আল আমিন বলেন, মিসকেস শুনানীর সময় মৃত ব্যক্তিকে জীবিত এবং জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে একাধিক মামলা করেছেন। পরে আশরাফ উদ্দিন এরকম কার্মকান্ডের কথা স্বীকার করেছে। এসময় ওই ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি। এছাড়া একটি নিয়মিত মামলা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যাতে এই চক্রে কারা কারা জড়িত রয়েছে, তা বের করা সম্ভব হয় বলে জানান তিনি।