
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় বিনোদ বিহারী চৌধুরী পাঠাগার ও সংগ্রহশালার উদ্যোগে হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের সহযোগিতায় এবং অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় অনিরুদ্ধ আশরাফ আন্তঃস্কুল বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে লালোর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত রাউন্ডে চ্যাম্পিয়ন হয় লালোর উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয় নলবাতা উচ্চ বিদ্যালয়।
শ্রেষ্ঠ বক্তা হয় নলবাতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রুকাইয়া। কুইজে ১৬০ জনের মধ্যে ১৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।
পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন -অবসরপ্রাপ্ত অধ্যাপক সুবীধ কুমার মৈত্র, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, নাটোর প্রেস ক্লাবের সভাপতি ও যুগান্তরের জেলা প্রতিনিধি শহীদুল হক সরকার, প্রথম আলোর নাটোর প্রতিনিধি এডভোকেট মুক্তার হোসেন, সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ, জেলা প্রশাসনের কর্মকর্তা আক্তারুজ্জামান, সাংবাদিক, শিক্ষক ও সুধীজন।
সঞ্চালনায় ছিলেন আব্দুল মতিন ও আজাদুর রহমান।
পুরস্কার হিসেবে বই, সনদ ও প্রাইজবন্ড এবং চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দল এবং শ্রেষ্ঠ বক্তাকে ক্রেস্ট উপহার দেয়া হয়।