
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী পদ্মা নদী থেকে শফিকুল ইসলাম ও মো. সেলিম নামে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ আগস্ট) বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার তারাপুর এলাকা থেকে বিজিবি সদস্যদের উপস্থিতিতে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
শফিকুল ইসলাম ও মো. সেলিম কীভাবে মারা গেছেন তা নিশ্চিত করে বলতে পারেননি বিজিবি ও পুলিশ কর্মকর্তারা। তবে স্থানীয়দের দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর নির্যাতনে তারা মারা গেছেন।
মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।
নিহত ব্যক্তিরা হচ্ছেন মো. সেরাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৪৫) ও মর্তুজার ছেলে মো. সেলিম (৩৫)। তাদের উভয়ের বাড়ি শিবগঞ্জ উপজেলার তারাপুর-হঠাৎপাড়া গ্রামে।
বিজিবি অধিনায়ক জানান, সীমান্ত পিলার ৪/২-এস থেকে আনুমানিক ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পদ্মা নদীতে দুটি মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পান বিজিবি সদস্যরা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
মনাকষা ইউনিয়ন পরিষদের সদস্য মোহা. সমির উদ্দীন বলেন, নির্যাতনেই মৃত্যু হয়েছে শফিকুল ইসলাম ও সেলিমের। শফিকুলের পুরো শরীরে অনেক ফোসকা রয়েছে। এগুলো অ্যাসিডে দগ্ধ হয়ে পড়া ফোসকার মতো। এছাড়াও তার বেশ কয়েকটি দাঁত ভাঙা ছিল।