
হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুরে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করেছেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা। বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক প্রকল্পের আওতায় এসব সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ-আলমের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল, শিক্ষা উপবৃত্তি, বিদ্যালয়ের বেঞ্চ এবং শিশু খাদ্য বিতরণ করেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন, দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি, দিনাজপুর জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, সার্কেল অফিসার শরিফ আল রাজীব, থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার শামীম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। পরে তিনি উপজেলা ভূমি ও পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন।