
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ, দোষীদের বিচার এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা আইন নিশ্চিতের দাবিতে নরসিংদীতে মানববন্ধন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। শনিবার (৯ আগস্ট) সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে জেলার সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
এসময় সাংবাদিকরা বলেন, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে প্রকাশ্যেই কুপিয়ে হত্যা করা হয়েছে। এতে করে গাজীপুরসহ দেশের সাংবাদিকরা উদ্বেগ প্রকাশসহ নিরাপত্তাহীনতা অনুভব করছেন। এরই মধ্যে গ্রেপ্তার হওয়াদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে অভিযুক্ত সকল আসামি গ্রেপ্তার করাসহ নেপথ্যে জড়িতদের আইনের আওতায় আনার দাবি করেন সাংবাদিকরা।
নরসিংদীসহ সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাংবাদিক সুরক্ষা আইনের যথাযথ বাস্তবায়ন দাবি করা হয় মানবন্ধনে।
এসময় নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেনসহ অন্যান্য সাংবাদিকরা বক্তব্য দেন।