
কুড়িগ্রামের উলিপুরে লাউ চাষ করে দ্বিগুণ লাভ হওয়ায় খুশি কৃষকেরা। আবহাওয়া অনুকূলে থাকায় রোগবালাইয়ের আক্রমণ কম এবং সঠিক পরিচর্যায় লাউয়ের বাম্পার ফলন হয়েছে। পুষ্টিগুণ সমৃদ্ধ সুস্বাদু লাউ চাষে ভাগ্য ফিরেছে অনেক কৃষকের। অন্য বছরের তুলনায় এবার দাম বেশি পাওয়ায় খুশি এখনকার চাষিরা। খরচের চেয়ে লাভ বেশি হওয়ায় লাউ চাষে উদ্বুদ্ধ হচ্ছেন অনেক কৃষক।
এবারে রবি শস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ হাজার ৯০ হেক্টর। এর মধ্যে লাউ চাষও রয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে লাউ চাষিদের বিভিন্ন ধরনের রোগবালাই ও পোকামাকড় নিধন সম্পর্কে পরামর্শ দেয়া অব্যহত রয়েছে।
কৃষকেরা জানান, লাউ চাষে খরচ তুলনামূলকভাবে কম। বাঁশ ও সুতা দিয়ে মাচা তৈরি করে লাউ চাষ করা হয়। একবার চারা রোপণ করলে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত ফলন পাওয়া যায়। এবারে লাউয়ের ফলন ও বাজারদর ভালো থাকায় অনেক টাকা আয় করেছেন লাউ চাষিরা। তারা বলেন অল্প খরচে দ্বিগুণ আয় করা যায় লাউ চাষে ।