
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় নারী, শিশু ও পুরুষসহ ৩৩৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোর ৬ টায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এবং উপজেলা প্রশাসনের একটি যৌথ দল দোহাজারী পৌরসভার ২ নম্বর ও ৭ ওয়ার্ড এর বার্মা কলোনীতে অভিযান চালিয়ে এসব অবৈধ রোহিঙ্গা অভিবাসী কে আটক করে।
আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি অধিনায়ক লে. কর্ণেল মো. মাহমুদুল হাসান,পিএসসি,জি এর নেতৃত্বে বৃহস্পতিবার ভোররাত ৩টা থেকে শুরু হওয়া এই অভিযানে বার্মা কলোনীকে যৌথ বাহিনী চারদিক থেকে ঘিরে প্রতিটি বাড়ি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে ৭৭ জন নারী, ৯৪ জন শিশু ও ১৬৮ জন পুরুষ সহ সর্বমোট ৩৩৯ জন রোহিঙ্গাকে আটক করে। চন্দনাইশ থানা এবং উপজেলা প্রশাসনের সহায়তায় অভিযুক্ত ব্যক্তিদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরআরসি) এর তত্ত্বাবধায়নে কক্সবাজারের উখিয়াতে স্থানান্তরিত করা হয়েছে।
অভিযানে আটককৃত অবৈধভাবে বসবাস করা এসব রোহিঙ্গাদের বিরুদ্ধে পতিতাবৃত্তি, ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্য বেচাকেনা এবং সেবনের অভিযোগ রয়েছে। এছাড়া চুরি, ছিনতাই ও টাকার বিনিময়ে তারা বিভিন্ন অপকর্ম করে থাকে বলে অভিযোগ রয়েছে। আসন্ন নির্বাচনে টাকার বিনিময়ে প্রার্থীদের সাথে বিভিন্ন কেন্দ্র দখল করতে পারে এমন আশঙ্কায় অপরাধপ্রবণ এই এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে মূলত এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের বিষয়ে চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা বলেন, ”গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে অবৈধভাবে বসবাসরত এসব রোহিঙ্গাদের আটক করা হয়েছে। তাদেরকে চন্দনাইশ থানার মাধ্যমে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খান পিপিএম জানান, ”আটক রোহিঙ্গাদেরকে নিরাপত্তা সহকারে উখিয়া থানার কাছে হস্তান্তর করা হবে।”