
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, এদেশে সবধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে এবং মাথা উঁচু করে বাঁচবে। কারও রক্ত চক্ষুকে ভয় না করে নিজেদের অধিকার নিজেরাই প্রতিষ্ঠিত করুন।
বুধবার রাতে দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের উত্তর গোপালপুর দুর্গা শিব মন্দির প্রাঙ্গণে শ্রী রামকৃষ্ণ দেবের শুভ জন্মতিথি (বর্ধিত) পূজা ও উৎসবে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি উপরোক্ত কথাগুলো বলেন।
উত্তর গোপালপুর পূজা কমিটির সভাপতি অজিত অধিকারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশন এর অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিভাত্মানন্দ মহারাজ, প্রধান আলোচক শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দ মহারাজ, ৪নং শেখপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আজগার আলী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রকল্প পরিচালক জগদিশ চন্দ্র রায়, সিনিয়র কনসালটেন্ট (গাইনী) ডাঃ আসুতোষ দেবশর্মা, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট জেলা কমিটির আহবায়ক উত্তম কুমার রায়।
স্থানীয় মন্দিরের শিশু শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও “দস্যু রত্নাকর” নাটিকা পরিবেশন করে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন নিরেন্দ্র নাথ রায়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিহির কুমার রায়।