
রাজবাড়ী জেলা প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় দীর্ঘদিনের অসুস্থতা ও শারীরিক যন্ত্রণার কারণে দুলালী রানী ঘোষ (৭৪) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন।
রবিবার (৫ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের ঝাউডাঙ্গি (কুরশি) গ্রামে এ ঘটনা ঘটে। তিনি একই গ্রামের নিতাই চন্দ্র ঘোষের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুলালী রানী ঘোষ দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক আলসারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। অসুস্থতার কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং শারীরিক যন্ত্রণা সহ্য করতে পারছিলেন না।
স্থানীয় সুত্রে জানাযায় ঘটনার দিন সকালে পরিবারের অগোচরে নিজ শয়নকক্ষের ভেতরে বাঁশের আড়ার সঙ্গে পাটের রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে তার ছেলে স্বপন কুমার ঘোষ বিষয়টি টের পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে রশি কেটে তাকে নিচে নামায়। এ সময় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ বিষয়ে থানার এসআই হিমাদ্রি তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।