
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি–টোয়েন্টিতে ছক্কা মারার পরই হিট উইকেটে আউট হন তাসকিন আহমেদ। তার এই আউটের পরই অলআউট হয়ে যায় বাংলাদেশ, আর সেই সঙ্গে ১৬ রানের জয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ২০ রান। ক্যারিবীয় পেসার রোমারিও শেফার্ড প্রথম তিন বলে দেন মাত্র ৩ রান। তখনও বাকি ছিল ১৭। চতুর্থ বলে মিড উইকেটের ওপর দিয়ে বিশাল ছক্কা হাঁকান তাসকিন, কিন্তু দুর্ভাগ্যবশত শট খেলার সময় নিজের পা স্টাম্পে লেগে যায়। শটের ঝাঁকুনিতে স্টাম্পের বেল পড়ে গেলে তিনি হিট উইকেটে আউট ঘোষিত হন। এতে বাংলাদেশ ইনিংসও গুটিয়ে যায় ১৪৯ রানে। এর আগে ১৬৫ রানের লক্ষ্য তাড়ায় একের পর এক উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা। শেষ দিকে তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ চেষ্টা করলেও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী বুধবার চট্টগ্রামে।