
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে (মার্চ ২০২৬) দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে টাঙ্গাইলের ধনবাড়ীতে পেট্রোল পাম্পগুলোতে ঝটিকা অভিযান ও কঠোর পর্যবেক্ষণ চালিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১০ মার্চ) টাঙ্গাইলের ধনবাড়ীর বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে পর্যবেক্ষণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েম ইমরান। অভিযানে পাম্প মালিকদের তেলের মজুদ ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সরকারি নির্দেশনা মেনে চলার কঠোর নির্দেশ দেন- ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েম ইমরান।
এসময় তিনি পাম্প মালিকদের সতর্ক করে বলেন, কোনো অবস্থাতেই অবৈধভাবে তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরী করা যাবে না। প্রতিটি বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই ক্রয় রসিদ নিশ্চিত করতে হবে। সেই সাথে সরকারি নির্দেশনা মোতাবেক তেলের বাজার স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন। এসময় ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।