
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে আব্দুল লতিফ ওরফে বিরেন সেখ (৪৭) নামে সরকারি এক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৩ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
রোববার (১২ এপ্রিল) দুপুর ১টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। বিরেন সেখ উপজেলার মথুরাপুর ইউনিয়নের কুড়িগাতী গ্রামের মোলা বক্সের ছেলে। সে কুড়িগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী পদে চাকরি করে। এরআগে শনিবার রাতে একই এলাকার রানডিলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে একাধিক মাদক মামলার আসামি।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, বিরেন সেখ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে বিভিন্ন এলাকার পথে প্রান্তরে ঘুরে ঘুরে কৌশলে মাদকসেবীদের কাছে মাদক দ্রব্য বিক্রি করে আসছে। অনেক সময় মোবাইল ফোনে যোগাযোগ করে সেবনকারীদের কাছে মাদক দ্রব্য পৌছে দেয়। তারই ধারাবাহিকতায় শনিবার রাতে একই এলাকার রানডিলা গ্রামের রাস্তায় দাড়িয়ে ইয়াবা ট্যাবলেট বিক্রকালে পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ইয়াবা ট্যাবলেট সহ একজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া এই অভিযান অব্যাহত রাখা হয়েছে।