
পটুয়াখালী প্রতিনিধি : অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন পরিচালিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর প্রস্তাবিত নতুন এইচআর পলিসি বাতিল এবং চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি)-এর পদত্যাগের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন ‘রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (রিলাই)’ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা। পটুয়াখালী জেলার রিলাই প্রকল্পে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা জেলা ব্যবস্থাপক মোহাম্মদ আলীর কাছে এ স্মারকলিপি জমা দেন। এতে তারা প্রস্তাবিত এইচআর নীতিমালাকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে দ্রুত তা বাতিলের দাবি জানান।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নতুন নীতিমালা বাস্তবায়িত হলে প্রকল্পভিত্তিক কর্মীরা বৈষম্যের শিকার হবেন এবং তাদের চাকরির নিরাপত্তা ও স্থায়িত্ব হুমকির মুখে পড়বে। দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও এই নীতিমালা তাদের কর্মজীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
স্মারকলিপি প্রদান কর্মসূচিতে নেতৃত্ব দেন রিলাই প্রকল্পের ক্লাস্টার অফিসার মো. পারভেজ আকন (৪ নং চিকনিকান্দি ক্লাস্টার) ও মিতালী রানী (৭ নং মির্জাগঞ্জ ক্লাস্টার)। এ সময় মো. পারভেজ আকন এসডিএফের বর্তমান চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তাদের পদত্যাগ দাবি করেন।
উপস্থিত কর্মীরা জানান, নতুন এইচআর পলিসি বাতিল করে প্রকল্পভিত্তিক কর্মীদের চাকরির ধারাবাহিকতা ও নিরাপত্তা পূর্বের ন্যায় নিশ্চিত করতে হবে। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবেন।
স্মারকলিপি গ্রহণ করে জেলা ব্যবস্থাপক বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের আশ্বাস দেন।
উল্লেখ্য, রিলাই প্রকল্পটি এসডিএফের অধীনে পরিচালিত একটি উন্নয়নমূলক কার্যক্রম, যার লক্ষ্য প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি করা।