
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার মাহমুদকাঠি বাজারে অবৈধভাবে ডিজেল তেল মজুদ ও সরকার নির্ধারিত মুল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে মেসার্স নান্টু তালুকদার ট্রেডার্স নামের এক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত দত্ত ওই অভিযান পরিচালনা করেন। বুধবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের মাহমুদকাঠি বাজারের মেসার্স নান্টু তালুকদার ট্রেডার্সের গোডাউনে অভিযান চালায়।
এসময় গোডাউনে মজুদকৃত আনুমানিক ৩ হাজার ৬ শত লিটার ডিজেল জব্দ করা হয়। পরে ওই ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করে উদ্ধারকৃত তেল সরকার নির্ধারিত মুল্যে বিক্রি করা হয়। অভিযান পরিচালনায় স্থানীয় সেনাক্যাম্পের সেনাসদস্যরা সহযোগিতা করেন।
এ ব্যপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও অমিত দত্ত বলেন, অবৈধভাবে তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত তেল বিক্রির সমুদয় টাকা ব্যাংকিং সময়ে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।