
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলা সমাজসেবা অফিসে সরকারি সুবিধা পেতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। বিশেষ করে প্রতিবন্ধী, ক্যান্সার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত রোগী, বয়স্ক, বিধবা ও পঙ্গু ব্যক্তিদের জন্য বরাদ্দকৃত ভাতা ও সহায়তা প্রকৃত প্রাপকদের কাছে পৌঁছাতে বাধার অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (খণ্ডকালীন) আনিছুর রহমান আনিছ দীর্ঘদিন ধরে ঘুষের বিনিময়ে সেবা পাইয়ে দিচ্ছেন।
ভুক্তভোগী কিডনি রোগী মোর্শেদা বেগমের ভাগ্নে শিহাব উদ্দিন অভিযোগ করে জানান, প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা দেওয়ার পরও আনিছুর রহমান আনিছ মোবাইল ফোনে ৭ হাজার টাকা ঘুষ দাবি করেন। তিনি বলেন, “৭ হাজার টাকা দিলে আজই অ্যাকাউন্টে টাকা চলে যাবে। এই টাকা জামালপুর অফিসেও দিতে হবে।” এ বিষয়ে তাদের কাছে কল রেকর্ডিংও রয়েছে বলে জানান তিনি।
সরেজমিনে দেখা যায়, আনিছুর রহমান আনিছ সমাজসেবা কর্মকর্তার টেবিলে ল্যাপটপ বসিয়ে নিয়মিত অফিসের কাজ পরিচালনা করছেন। অভিযোগ রয়েছে, অদৃশ্য প্রভাবের কারণে তিনি দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে আসছেন।
এ বিষয়ে আনিছুর রহমান আনিছের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
অন্যদিকে, সরিষাবাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মদন গোপাল বলেন, “আনিছুর রহমান আনিছ আমার অফিসের কোনো স্থায়ী সরকারি কর্মচারী নন, তিনি খণ্ডকালীন ভিত্তিতে কাজ করেন।”
এ বিষয়ে সমাজসেবা অধিদপ্তর, জামালপুর কার্যালয়ের উপপরিচালক রোকোনুল ইসলাম মুঠোফোনে জানান, “বিষয়টি আমি দেখছি।
এ ঘটনায় দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগীরা।