
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: মাদক, অবৈধ মাটি কাটা ও লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, পরিবেশ ধ্বংস করে কোনো উন্নয়ন হতে পারে না। অবৈধভাবে মাটি কাটলে মামলা অনিবার্য—কোনো ছাড় নেই।
মঙ্গলবার (০৩ মার্চ) সকাল ১১টায় মোহাম্মদপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ইফতার ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি হাসনাত আব্দুল্লাহ বলেন, ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির ৩৩ বছরের ধারাবাহিক কার্যক্রম প্রশংসনীয়। তিনি প্রত্যেক গ্রাম ও ইউনিয়নে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, তরুণদের ইতিবাচক কাজে যুক্ত করতে পারলে মাদক ও সামাজিক অবক্ষয় অনেকটাই কমে আসবে।
অবৈধ মাটি কাটা ও ইটভাটা নিয়ে কঠোর বার্তা তিনি বলেন, দুই একর জায়গা থেকে মাটি কাটলে তার প্রভাব আশপাশের ১০-১৫ একর জমিতে পড়ে। সাময়িক লাভের জন্য দীর্ঘমেয়াদে বড় ক্ষতি ডেকে আনা হচ্ছে।
এলাকায় একাধিক লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি জনগণের ভোটে নির্বাচিত জনগণের কাছেই আমার জবাবদিহিতা,যোগ করেন তিনি।
পরিবেশ ও কৃষি রক্ষায় গুরুত্ব পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণে আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তন কৃষিতে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মন্তব্য করেন তিনি। নদী-খাল পুনঃখনন ও নাব্যতা ফিরিয়ে আনার মাধ্যমে কৃষিকে টিকিয়ে রাখার ওপর জোর দেন।
মোহাম্মদপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সোলায়মান কবির মাসুম এর সভাপতিত্বে ও মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শহিদুল ইসলাম,মোহাম্মদপুর ইসলামীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন মুন্সি, মোঃ কামাল হোসেন মুন্সি, মওলানা আবদুল মান্নান,মাওলানা খোরশেদ আলম, মাওলানা আবদুল কাদের, আলী আশরাফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় ২৭০ জন অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।