
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বাংলা নববর্ষ১৪৩৩ উদ্যাপন উপলক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসনের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮এপ্রিল) ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী’র সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, থানার ওসি নূরুস সালাম সিদ্দিক, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বারী, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনটিভি’র সাংবাদিক হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী, কলেজিয়েট মডেল স্কুলের প্রধান শিক্ষক মাসুদ কবীর ও নল্যা মমতাজ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সহ অন্যান্যরা।
সভায় ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী তার বক্তব্যে বলেন, আগামী ১৪ এপ্রিল ১লা বৈশাখে নর্ববর্ষ উদ্যাপনে সরকার ঘোষিত সন্ধ্যা ৭ টা পর্যন্ত মেলা চালানোর জন্য উদযাপন কমিটিকে নির্দেশ প্রদান করা হয়। সেই সাথে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান ও সকল ইউনিয়ন পরিষদে নববর্ষ পালন সহ রচনা প্রতিযোগীতা আয়োজনের জন্য বলা হয়। মেলায় জুয়া ও অশ্লীল নৃত্যসহ অনৈতিক কোন কর্মকান্ড যাতে না হয় সে ব্যাপারে প্রশাসন তৎপর রয়েছে বলে তিনি জানান।
এসময় ধনবাড়ী উপজেলার সকল কর্মকর্তা ও ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, ছাত্র প্রতিনিধি ও সুধীজনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।