
গাজীপুরের শ্রীপুরে সরকারি বনভূমিতে অবৈধভাবে গাছ কাটতে বাধা দেওয়ায় বন বিভাগের এক কর্মকর্তার ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে আহত হয়েছেন রাথুরা বনবিটের ফরেস্ট গার্ড হুমায়ুন ফারুক।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বেলতুলী ফরেস্ট ক্যাম্পের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
বন কর্মকর্তা শেখ ইমদাদুল হোসেন জানান, সকালে তিনি সরকারি বনভূমিতে গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে হাতে-নাতে বেতঝুরী গ্রামের রজব আলীর ছেলে আলমগীর (৩০) কে গাছ কাটার সময় আটক করেন। পরে শ্রীপুর থানা পুলিশের সহায়তায় তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানায় নেওয়ার প্রস্তুতি চলছিল।
এ সময় আলমগীরের আত্মীয়-স্বজনসহ একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে বিট কর্মকর্তার ওপর হামলা চালায়। হামলাকারীদের মধ্যে ছিলেন মাহবুব (৩২), তার ভাই হুমায়ুন ফরাজী (৩৫), নূর ইসলাম (৩৫), জুবুর আলী (৪০), আফিকুল ইসলাম (৫০), নজরুল ইসলাম (৪৫), হারিছ রহমান (৫৫) ও রাকিবুল ইসলাম (২৫) প্রমুখ। তারা বেধড়ক মারধর করে বন কর্মকর্তাকে আহত করেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিট কর্মকর্তা শেখ ইমদাদুল হোসেন বলেন, “সরকারি বনভূমি রক্ষার দায়িত্ব পালনের সময় আমি হামলার শিকার হয়েছি। হামলাকারীদের বিরুদ্ধে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছি।”
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগেও অভিযুক্তদের নামে বনভূমি দখল ও গাছ কাটার একাধিক মামলা রয়েছে। জেল থেকে বের হয়ে তারা আবারও একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।