
সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভারে সাবেক স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভাটপাড়া এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
স্থানীয়দের অভিযোগ, সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. শাহজাহান শাজু এবং যুবদলকর্মী ওয়াহিদুর রহমান মুরাদের বিরুদ্ধে একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। অভিযুক্তদের মধ্যে হাকিম, রাজিব ও চম্পক নামের কয়েকজন জড়িত বলে দাবি করেন তারা।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা বলেন, এ ধরনের মিথ্যা অপপ্রচার সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং নিরপরাধ মানুষকে হয়রানির শিকার করা হচ্ছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
এসময় বক্তারা আরও বলেন, মিথ্যা তথ্য ছড়িয়ে কারও সম্মানহানি করার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ভবিষ্যতেও এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ চালিয়ে যাবেন বলে জানান।