
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় পরিচালিত এ অভিযানে ধার্য মূল্যের বেশি দামে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয়ের রশিদ সংরক্ষণ না করা ও জনসাধারণের চলাচলের পথে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৭ ব্যবসায়ীকে মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। তিনি জানান, রমজানে কৃত্রিম সংকট বা অতিরিক্ত মূল্য আদায় বরদাশত করা হবে না। বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।