
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় ‘মরহুম হাজী আবদুল নবী স্মৃতি ফাউন্ডেশন’র উদ্যোগে নিন্ম আয়ের অস্বচ্ছল ২০০টি পরিবারের মাঝে উপহার সামগ্রী হিসেবে এক বস্তা করে ২০০ বস্তা চাউল বিতরণ করা হয়েছে। নিম্ন আয়ের অস্বচ্ছল এসব পরিবারের সদস্যগণ যাতে স্বস্তিতে সেহেরি খেতে পারে সেজন্য এই চাউল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে দোহাজারী পৌরসভার ২নম্বর ওয়ার্ডস্থ উল্লাপাড়া এলাকায় নিজ বাসভবনে এই উপহার সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনটির চেয়ারম্যান ও বান্দরবান পার্বত্য জেলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী, সমাজসেবক আলহাজ্ব মো. নাজিম উদ্দীন।
এসময় তিনি বলেন, ”অসহায় মানুষের পাশে থাকার লক্ষে ২০১০ সাল থেকে প্রতি বছর রমজানে এলাকার নিম্ম আয়ের মানুষের মাঝে চাউল বিতরণের উদ্যোগ নিয়েছি। নিজেদের উপার্জনের একটি অংশ মানবতার কল্যাণে ব্যয় করার উদ্দেশ্য নিয়ে আমার মরহুম পিতার নামে ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এই ফাউন্ডেশন। রমজানের প্রথম দিন থেকেই নিন্ম আয়ের মানুষ যেন স্বস্তিতে সেহরি ও ইফতার করতে পারে সেজন্য ২০১০ সাল থেকেই প্রতি বছর তাদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেই। আমরা তিন ভাই ও চার বোন সবাই স্ব স্ব অবস্থানে প্রতিষ্ঠিত। যতদিন বেঁচে থাকবো এই উদ্যোগ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ্।”
নিজ নিজ এলাকার গরিব, দুস্থঃ, অসহায় ও নিম্ন আয়ের অস্বচ্ছল পরিবারগুলোকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতে অন্যান্য বিত্তশালীদের প্রতি আহবান জানান তিনি।
চাউল বিতরণকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনটির সাধারণ সম্পাদক ও হাজারী টাওয়ার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াসিম উদ্দীন সহ পরিবারের সদস্যবৃন্দ।