
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পরিত্যক্ত ব্যাগ থেকে দুটি পাইপগান, এক রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-১১।
সোমবার (৯ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বালিয়াপাড়া এলাকায় এ উদ্ধার অভিযান চালানো হয়। তা ছাড়া উপজেলার পৌরসদরের ঝাউগড়া এলাকার রাকিব ডাকাত (২৮) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। তার নামে বিভিন্ন থানায় ডাকাতি এবং মাদক আইনে ৭টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
র্যাব-১১ সূত্রে জানা গেছে, রাত্রীকালীন টহল ডিউটির সময় গোপন সূত্রে খবর পেয়ে আড়াইহাজার থানার বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল হামিদের বাড়ির উত্তর পাশে একটি কলাবাগানে অভিযান চালানো হয়। সেখানে একটি সন্দেহজনক লম্বা আকৃতির ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করে এর ভেতর থেকে দুটি পাইপগান, এক রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা আলামত জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ জানিয়েছে, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অপর দিকে আড়াইহাজার থানা পুলিশ জানায়, ঝাউগড়া এলাকার ওসমানের ছেলে আড়াইহাজার থানাসহ বিভিন্ন থানায় মাদক ও ডাকাতির বিষয়ে দায়েরকৃত ৭টি মামলার পলাতক আসামী রাকিব (২৮) কে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ী থেকে রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তাকে সোমবার সকালে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।