
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার সড়ক বাজার ও নিউমার্কেট এলাকায় কাপড়ের পাইকারি ও খুচরা দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ দুপুর ১২টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এ সময় র্যাব-৯ এর একটি দল অভিযানে সহযোগিতা করে।
অভিযানকালে দেখা যায়, কয়েকটি কাপড়ের পাইকারি ও খুচরা দোকান বিদেশি কাপড় বিক্রির সময় ক্রয়ের কোনো বৈধ প্রমাণপত্র দেখাতে পারেনি। ফলে পণ্যগুলোর ক্রয়মূল্য, বৈধভাবে আমদানি হয়েছে কি না, সরকারকে ভ্যাট-ট্যাক্স পরিশোধ করা হয়েছে কি না এবং পণ্য নকল কি না—এসব বিষয়ে সন্দেহের সৃষ্টি হয়। এছাড়া দেশি পণ্য বিদেশি পণ্য হিসেবে বিক্রির সম্ভাবনাও রয়েছে।
এ অভিযোগে শাড়ি বিচিত্রা প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা এবং বি বাড়িয়া ক্লথ স্টোর-কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় ব্যবসায়ীদের পণ্যের সঠিক তথ্য প্রদান, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, সঠিক উৎস থেকে পণ্য সংগ্রহ এবং নির্ধারিত মূল্যের বেশি দাম না নেওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।