
মো. আবুসালেহ (সজীব) মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে ছিনতাইয়ের কবলে পড়ে আতিকুর রহমান (৫০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার সকাল সোয়া নয়টার দিকে মির্জাপুর থানা পুলিশ মহাসড়কের এ উপজেলার পাকুল্যা ফিলিং স্টেশনের পূর্বপাশ থেকে হাত বাঁধা তার মরদেহ উদ্ধার করেন। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দশআনি বকশিয়া গ্রামের খালেদুর রহমানের ছেলে।
পুলিশ জানান, রবিবার সকালে স্থানীয় লোকজন মহাসড়কের পাশে উক্ত স্থানে হাত বাঁধা এক যুবককে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন সকাল সোয়া নয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে হাত বাঁধা যুবককে উদ্ধার করে জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে তার পরিচয় নিশ্চিত করে পুলিশ।
এব্যাপারে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন জানান, শনিবার রাতের যে কোন সময় আতিকুর রহমান ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ হারান বলে ধারণা করা হচ্ছে। সুরতহাল শেষে মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক তথ্য জানা যাবে।