
ভোলা প্রতিনিধি: ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে জনপ্রিয় করা এবং গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের লক্ষ্যে ভোলায় ক্যাশলেস ক্যাম্পেইনের আয়োজন করেছে পূবালী ব্যাংক পিএলসি, ভোলা শাখা।
বুধবার সকাল ১০ ঘটিকায় পরানগঞ্জ বাজারে অনুষ্ঠিত এ সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি.-এর বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ আবু সুফিয়ান।
পূবালী ব্যাংক পিএলসি., ভোলা শাখার সহকারী মহাব্যবস্থাপক পরিমল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তারা বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন করলে ব্যবসায়ীদের ঝুঁকি কমে, সময় সাশ্রয় হয় এবং আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা বৃদ্ধি পায়। তারা আরও উল্লেখ করেন, স্মার্ট ব্যাংকিং সেবার প্রসার ঘটলে গ্রামীণ অর্থনীতি আরও গতিশীল ও আধুনিক হয়ে উঠবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৫ নং বাপ্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনিরুল হুদা খোকা মিয়া, বিশিষ্ট সাংবাদিক ও দুদকের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসেন শাহীন, ০৪ নং কাচিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আবদুল হাই মিয়াজী, সাধারণ সম্পাদক মোঃ রাকিব মিয়া, পরানগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মফিজুল ইসলাম নসু মিয়া, সাধারণ সম্পাদক মোঃ শামসুদ্দিন কাজী এবং মুজাফফর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন বাহার।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের ক্যাম্পেইন আরও বিস্তৃত পরিসরে আয়োজনের আহ্বান জানান।
সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে ডিজিটাল লেনদেনের বিভিন্ন দিক সম্পর্কে সচেতনতামূলক তথ্য প্রদান করা হয় এবং ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থার সুবিধা তুলে ধরা হয়।