
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে ইট ভাটা পরিচালনার অভিযোগে দুইটি ভাটায় সাড়ে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে পৃথক অভিযানের মাধ্যমে উপজেলার মেসার্স একেএম ব্রিকস ও মেসার্স এইচবিইউ ব্রিকসকে এ জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে উপজেলার তবকপুর ইউনিয়নে অবস্থিত মেসার্স এইচবিইউ ব্রিকস নামক ইটভাটায় ৫ লাখ ও গুনাইগাছ ইউনিয়নে অবস্থিত মেসার্স একেএম ব্রিকস নামক ইটভাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানাসহ কিলন স্কেভেটরের মাধ্যমে কিলন ভেঙ্গে দেয়া হয়।
মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল ও কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় র্যাব-১৩, জেলা পুলিশ, আনসার ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যগণ উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, পরিবেশ সংরক্ষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।