
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে আদালতের শরণাপন্ন হয়েছেন এক ব্যক্তি। সোমবার (২৭ এপ্রিল) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধির ৪৪ ধারায় সাধারণ ডায়েরি (জি.ডি) আকারে এ আবেদন করা হয়।
আবেদনকারী মো. আহসান ছিদ্দিকি জানান, গত শনিবার (২৫ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে তাঁর বসতবাড়ির সামনে এ ঘটনা ঘটে। তিনি পেশায় সার্ভেয়ার ও দলিল লেখক এবং স্থানীয় একটি জামে মসজিদের কার্যনির্বাহী কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
আবেদনে উল্লেখ করা হয়, এলাকায় একটি বিরোধকে কেন্দ্র করে কয়েকজন ব্যক্তি মব সৃষ্টির চেষ্টা করলে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেন। এর জেরে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ তাঁর বাড়ির সামনে এসে গালিগালাজ করে এবং তাঁকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালায়। প্রাণভয়ে তিনি ঘরের ভেতরে আশ্রয় নেন।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে হামলাকারীরা বাড়ির সীমানা প্রাচীর, সিসি ক্যামেরা, বৈদ্যুতিক লাইট, গেটসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়। পরে স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
আহসান ছিদ্দিকি দাবি করেন, চলে যাওয়ার সময় অভিযুক্তরা তাঁকে হত্যার হুমকি দেয় এবং ভবিষ্যতে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির আশঙ্কা প্রকাশ করে। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। আবেদনকারী আদালতের কাছে তাঁর ও পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।
এ বিষয়ে আদালতের পক্ষ থেকে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।