
ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেট আফ্রিকার সাইডলাইনে এমিরেটস এবং ওয়েসগ্রো একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যার লক্ষ্য হলো দক্ষিণ আফ্রিকার কেপটাউন এবং ওয়েস্টার্ন কেপ অঞ্চলে আন্তর্জাতিক পর্যটক আগমন বৃদ্ধি । ওয়েসগ্রো হলো কেপটাউন এবং ওয়েস্টার্ন কেপ অঞ্চলে, বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নে নিয়োজিত সরকারি পর্যটন সংস্থা।
এমিরেটসের দক্ষিণ আফ্রিকা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার আফজাল পারমবিল এবং ওয়েসগ্রোর সিইও রেনেল স্ট্যান্ডার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই অংশীদারিত্বের মাধ্যমে জিসিসি ও দূরপ্রাচ্যের দেশ সমূহ, ভারতসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বাজারে যৌথভাবে প্রচারণা চালানো হবে।প্রচরনার মুল লক্ষ্য ওয়েস্টার্ন কেপের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং ইতিহাস সম্পর্কে পর্যটকদের অবহিত ও ভ্রমণে উৎসাহিত করা।
পর্যটন খাত ওয়েস্টার্ন কেপের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ, যা হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে। উল্লেখ্য, ২০২৫ সালে কেপটাউন আন্তর্জাতিক বিমানবন্দর প্রায় ১১.১ মিলিয়ন যাত্রী চলাচল রেকর্ড করেছে।
এমিরেটস দীর্ঘদিন ধরে বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকা থেকে আসা যাত্রীদের মধ্যে কেপ টাউন ভ্রমণে ব্যাপক চাহিদা লক্ষ্য করে আসছে । বিমান সংস্থাটি দক্ষিণ আফ্রিকার কেপ টাউন এবং জোহানসবার্গে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।
এই নতুন উদ্যোগের মাধ্যমে কেপ টাউন ও ওয়েস্টার্ন কেপকে আরও শক্তিশালী বৈশ্বিক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার আশা করা হচ্ছে।