
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা রহমানীয়া দাখিল মাদরাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও মাওলানা মরহুম জাফর উল্লাহ রহমানীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা সরওয়ার করিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তারেক আবদুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তারেক আবদুল্লাহ বলেন, দাখিল পরীক্ষা শিক্ষাজীবনের এক গুরুত্বপূর্ণ ধাপ, যা ভবিষ্যতের নতুন পথচলার সূচনা করে। এ পর্যায় থেকে শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে উচ্চশিক্ষার দিকে। তিনি বলেন, ‘গ্রামের সাধারণ পরিবেশ থেকেও দেশের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠে জায়গা করে নেওয়া সম্ভব—প্রয়োজন শুধু আন্তরিকতা, অধ্যবসায় ও সঠিক দিকনির্দেশনা।’
তিনি আরও বলেন, জীবনে যত উচ্চতাতেই পৌঁছানো হোক না কেন, নিজের শিকড়কে কখনো ভুলে যাওয়া উচিত নয়। ভালো ফলাফলের পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করে তিনি শিক্ষার্থীদের দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।
মাদরাসার শিক্ষক ইমরান হোসাইন ইমুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি উপ-সহকারী কর্মকর্তা এ. কে. এম. জাহেদ হোসেন, মাদরাসার ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য মাওলানা ওবাইদুর রহমান, উপদেষ্টা কমিটির সভাপতি এস. এম. নুরুল আবছার, অভিভাবক সদস্য মাস্টার জহিরুল ইসলাম, বাঁশখালী প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক শিব্বির আহমদ রানা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হলের জিএস মাসুম আবদুল্লাহ।
এছাড়া উপস্থিত ছিলেন গন্ডামারা ইউনিয়ন শ্রমিক কল্যাণ সেক্রেটারি আব্দুল করিম সিকদার, অভিভাবক সদস্য কামাল হোসাইন, জসিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষে দাখিল পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।