
রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ডুবে মো. আব্দুল্লাহ(১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে শহরের পাবলিক হেলথ এলাকায় কাপ্তাই হ্রদে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। মৃত আব্দুল্লাহ শহরের হ্যাপীর মোড় এলাকার মো. হাসানের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে বন্ধুদের নিয়ে হ্রদের পানিতে গোসল করতে নামলে তলিয়ে যায় শিশুটি। তার সঙ্গে থাকা বন্ধুরা বিষয়টি দেখতে পেয়ে চেষ্টা করেও, তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে বাচ্চাদের চিৎকার শুনে ঘাটে আসে কয়েকজন জেলে ও স্থানীয় যুবক। সবাই চেষ্টা চালিয়ে অবশেষে উদ্ধার করে আব্দুল্লাহকে। পরে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. শওকত আকবর জানান, কাপ্তাই হ্রদে পানিতে দীর্ঘক্ষণ ডুবে থাকার কারণে শ্বাস বন্ধ হয়ে ছেলেটির মৃত্যু হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে শিশুর মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।