
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে বজ্রপাতে উজ্জ্বল (৪০) নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল ) দুপুরে উপজেলার কোনাপাড়া ও বায়রাউড়া গ্রামের মধ্যবর্তী ভালকি বিলে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত উজ্জ্বল উপজেলার কোনাপাড়া গ্রামের ওলিউল্লাহর ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ২টার দিকে উজ্জ্বল নিজের ধানক্ষেত দেখতে বাড়ি থেকে বের হন। পরে তিনি ভালকি বিল এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রপাতের শিকার হন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ডা. ফেরদৌস আল মামুন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তখন স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও গ্রামের পরিবেশ ভারী হয়ে ওঠে।