
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন অংশে ইটভাটার মাটি পড়ে সড়ক পিচ্ছিল হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই ওই সড়ক কাদাময় হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে উঠছে। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।
রোববার দুপুরে হালকা বৃষ্টির পর সরেজমিনে দেখা যায়, উপজেলার সৈয়দপুর ওয়াহিদাবাদ এলাকা থেকে বাইখীর গ্রাম পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে কাদা জমে পিচ্ছিল অবস্থার সৃষ্টি হয়েছে। এতে মোটরসাইকেল, ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং চালক ও যাত্রীরা ঝুঁকির মধ্যে পড়ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশেই শ্যামল সাহার ইটভাটা, মৃত শাহাদাত প্রফেসরের ইটভাটা (বর্তমানে লিজে পরিচালনা করছেন সোতাশী গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম বাবলু) এবং চতুল ইউনিয়নের ভাটপাড়া গ্রামের আল-আলী অটো ব্রিকস অবস্থিত। এসব ইটভাটা থেকে ট্রাক ও ট্রলির মাধ্যমে মাটি পরিবহনের সময় তা সড়কে পড়ে থাকে। পরবর্তীতে বৃষ্টির পানিতে সেই মাটি কাদায় পরিণত হয়ে সড়ক পিচ্ছিল করে তোলে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মোটরসাইকেল চালক ও ভ্যানচালক জানান, প্রায় ৩ কিলোমিটার সড়কজুড়ে এমন অবস্থা বিরাজ করছে। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। তারা দ্রুত সড়ক পরিষ্কার এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযোগের বিষয়ে ইটভাটা মালিক শ্যামল সাহা বলেন, কাজ শেষে শ্রমিকদের দিয়ে সড়ক পরিষ্কার করা হয়। তবে বৃষ্টির কারণে সেদিন তা সম্ভব হয়নি।
অন্যদিকে, ইটভাটা মালিক ও যুবদল নেতা আমিনুল ইসলাম বাবলুর মোবাইল ফোনে কল দিলে তিনি হুমকি ধামকি দিয়ে বলেন, সড়কের ছবি তুলতে কে বলেছে? সরকারকি আপনাকে রাস্তা দেখার দায়ীত্ব দিয়েছে। ভালো হয়ে যাও। এই বলে ফোনের কল কেটে দেন।
এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সড়কে মাটি ফেলে জনদুর্ভোগ সৃষ্টি না করতে ইটভাটা মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।