
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় নদীকে দূষণের হাত থেকে রক্ষা করতে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার শম্ভুপুরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় নদী রক্ষার গুরুত্ব, বর্তমান দূষণ পরিস্থিতি এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় স্থানীয় এলাকাবাসী, সমাজকর্মী, পরিবেশপ্রেমী ও ‘নদী যোদ্ধা’রা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী শাহিনুর রহমান, আবু বকর সিদ্দিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, অবৈধ দখল, শিল্পবর্জ্য ও গৃহস্থালি বর্জ্যের কারণে আড়াইহাজারসহ দেশের বিভিন্ন নদী আজ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। নদীর স্বাভাবিক প্রবাহ ও জীববৈচিত্র্য হুমকির মুখে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা নদী দখল ও দূষণ বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ, নিয়মিত তদারকি বৃদ্ধি এবং জনসচেতনতা জোরদারের উপর জোর দেন। পাশাপাশি নদী রক্ষার্থে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে টেকসই উদ্যোগ গ্রহণেরও দাবি জানানো হয়।
অনুষ্ঠান শেষে নদী দূষণমুক্ত রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সকলে।