
মতিন রহমান,বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জে ধানখেত থেকে পরিত্যক্ত অবস্থায় এক ড্রাম ভর্তি ১৪৫ লিটার অকটেন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উপজেলার নীলক্ষিয়া ইউনিয়নের গোমেরচর এলাকায় এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নীলক্ষিয়া ইউনিয়নের গোমেরচর এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে আসছিল—এমন তথ্যের ভিত্তিতে আজ বিকেলে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় একটি ধানখেতের ভেতর পরিত্যক্ত অবস্থায় বড় একটি ড্রাম পাওয়া যায়। পরে ড্রামটি খুলে ১৪৫ লিটার অকটেন পাওয়া যায়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তেল মজুতের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যান।
সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এই তেল জব্দ করা হয়েছে। জব্দ করা তেল আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানকালে বকশীগঞ্জ থানা-পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন।