
খায়রুল কবির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৮ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
আজ বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৯ এর সিনিয়র এ এস পি শহীদুল ইসলাম সোহাগ তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ এপ্রিল) বিকেলে বিজয়নগর উপজেলার একটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি পিকআপ ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়, যা অবৈধভাবে দেশে আনা হয়েছিল।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা সংঘবদ্ধ চোরাচালান চক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে পণ্য এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
র্যাব আরও জানায়, চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।