
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে সোনাপাহাড় এলাকায় বিশাল পাহাড় নিধন করে নাহার গ্রুপের নব নির্মিত প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সুমাইয়া আক্তার।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোয়েন্দা সংস্থা (এনএসআই) তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইউএনও সোমাইয়া অভিযান পরিচালনায় দ্বিমত পোষণ করলেও পরবর্তীতে ডিসি জাহিদুল ইসলাম মিঞা এর নির্দেশে অভিযান চালাতে বাধ্য হয়। পরবর্তীতে অভিযানে গিয়ে পাহাড় কাটার অপরাধে ৪ দিনের জন্য কাজ বন্ধ রাখার নির্দেশ দেন ইউএনও সোমাইয়া আক্তার। এসময় আগামী রবিবারের মধ্যে নব নির্মিত প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে খোকা চেয়ারম্যানের পাহাড় নামে পরিচিত একটি পাহাড় কেটে নাহার গ্রুপে প্রতিষ্ঠান করছে। পাহাড়ের আশে পাশে জমি ও ক্রয় করতে স্থানীয়দের বিভিন্ন ধরনের প্ররোচনা দেয়া হচ্ছে। জমি বিক্রয় করতে অপারগতা প্রকাশ করলে বিভিন্নভাবে হয়রানির অভিযোগও রয়েছে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তোভুগি জানান, নাহার গ্রুপ পাহাড় কেটে প্রতিষ্ঠান করছে। এর আগে সড়ক বিভাগের জায়গা দখল করেছে। এখন নতুন করে পাহাড়ের পাশে জমি বিক্রির জন্য বলছে। জমি বিক্রি না করায় নাহারের ময়লা ও ধোঁয়া দিয়ে ফসল নষ্ট করছে।
এবিষয়ে নাহার এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মনোজ কুমার চৌহান বলেন, কোন ধরনের পাহাড় কেটে প্রতিষ্ঠান করা হচ্ছেনা। এই জায়গা নাহার গ্রুপ ক্রয় করেছে।’ প্রতিষ্ঠান করার অনুমতি বিষয়ে জানেনা বলে নিশ্চিত করেছে নাহার গ্রুপের এ কর্মকর্তা।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সুমাইয়া আক্তার জানান, নাহারের নব নির্মিত প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। প্রয়োজনীয় কাগজ পত্র আগামী রবিবারের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থাপন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এখন আপাতত মৌখিক ভাবে কাজ বন্ধ রাখা হয়েছে।