
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বুগির সড়কে অটোরিকশার ধাক্কায় ৪ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আয়ানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে বুগির সড়কে একটি দ্রুতগামী অটোরিকশা শিশুটিকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে শিশুটি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত্যুর খবর শুনে শিশুটির বাবা আবু ছুফিয়ান শোকে ভেঙে পড়েন। জরুরি বিভাগের মেঝেতে লুটিয়ে পড়ে তিনি বিলাপ করতে থাকেন। তার আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে এবং উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকের সংখ্যা বেড়ে যাওয়ায় সড়ক দুর্ঘটনা বাড়ছে। তারা দ্রুত দোষী চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।